গৌতা রাসায়নিক হামলার এক যুগ

সিরিয়ায় গৌতায় ভয়াবহ রাসায়নিক গ্যাস হামলার আজ ১২ বছর পূর্ণ হলো। এইদিনে আসাদ সরকার পূর্ব গৌতার বেসামরিক এলাকায় রাসায়নিক গ্যাস দিয়ে বোমা বর্ষণ করেছিল। ভয়াবহ এ হামলায় ৪২৬ নারী-শিশুসহ কমপক্ষে ১,৪০০ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছিল। এটিকে বিনা রক্তপাতের গণহত্যাও বলা হয়ে থাকে।
ভয়াবহ ঐ হামলায় সারিন গ্যাস ব্যবহার করা হয়েছিল। পরে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে জাতিসংঘের মিশন। পরে তা বিজ্ঞানাগারে পরীক্ষা করে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ)। পরীক্ষাটির সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানান, সংস্থাটির পরীক্ষায় গৌতার নমুনার সঙ্গে আরও দুটি রাসায়নিক হামলার মিল পাওয়া গেছে। ওই দুটি হামলার মধ্যে একটি ইদলিবের খান শেইখুন এলাকায় ২০১৭ সালের ৪ এপ্রিল এবং অপরটি ২০১৩ সালের মার্চে আলেপ্পোর খান আল-আসাল এলাকায় চালানো হয়।
সেসময় নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র রয়টার্সকে জানায়, আমরা খান শেইখুন, খান আল-আসাল ও গৌতার নমুনার তুলনা করেছি। এই তিনটি হামলার মিল পাওয়া গেছে।


